Views Bangladesh Logo

দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো ২২১৫ টাকা

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশের বাজারে সোনার দাম আবারও কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৫ টাকা কমানো হয়েছে। এর ফলে এই মানের সোনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা, যা শুক্রবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

আজ সকালে বাজুসের ‘স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং’ কমিটির এক জরুরি বৈঠকে সোনার দাম কমানোর সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম পরিবর্তনের বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়। বাজুসের পক্ষ থেকে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি বা পাকা সোনার দাম কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে এই মূল্য সমন্বয় করা হয়েছে।

নতুন নির্ধারিত মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১০০ টাকা কমিয়ে ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ভরিপ্রতি ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ৭ মে সোনার দাম বাড়িয়েছিল বাজুস। সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ৪৪ হাজার ৭১০ টাকা। মাত্র আট দিনের ব্যবধানে সেই বর্ধিত মূল্য থেকে বড় অঙ্কের ছাড় পেলেন দেশের ক্রেতারা। তবে সোনার দাম দফায় দফায় ওঠানামা করলেও রুপার বাজারে এর কোনো প্রভাব পড়েনি। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৭৭৪ টাকা এবং ২১ ক্যারেট ৫ হাজার ৫৪০ টাকাসহ অন্যান্য মানের রুপার দাম আগের মতোই অপরিবর্তিত রয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কেন্দ্রিক অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম একসময় আকাশচুম্বী হলেও সাম্প্রতিক দিনগুলোতে সেখানে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। বিশ্ববাজারের এই ইতিবাচক প্রভাবের কারণেই মূলত দেশের বাজারে দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাজুস।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ