দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম
দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১০৮ টাকা কমানো হয়েছে। ফলে বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় নতুন করে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দাম জানানো হয়।
নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতি গ্রামের দাম পড়বে ২০ হাজার ৬৫ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ১ হাজার ৫০ টাকা কমিয়ে ২ লাখ ২৩ হাজার ৫৪০ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ৯৩৩ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা।
অন্যদিকে সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম ৭০০ টাকা কমিয়ে ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা নির্ধারণ করেছে বাজুস।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত স্বর্ণের দামের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির পরিমাণে তারতম্য হতে পারে।
মতামত দিন