দেশের বাজারে আবারও কমলো সোনার দাম, ভরিতে ২,১৫৮ টাকা
স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বুধবার (২০ মে) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।
সংগঠনটির সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ২৫ হাজার ২৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৫৭ হাজার ২৩০ টাকায় বিক্রি হচ্ছে।
এর আগে সর্বশেষ ১৬ মে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেই সময় ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা নির্ধারণ করা হয়েছিল।
চলতি বছরে এখন পর্যন্ত মোট ৬৬ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৩৫ দফায় দাম বাড়ানো হয়েছে এবং ৩১ দফায় কমানো হয়েছে। উল্লেখ্য যে, গত ২০২৫ সালে সামগ্রিকভাবে ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল।
এদিকে স্বর্ণের দাম সমন্বয় করা হলেও রুপার দাম অপরিবর্তিত রেখেছে বাজুস। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৬৫৭ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ২১ ক্যারেটের রুপা ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৪৪১ টাকায় অপরিবর্তিত রয়েছে। চলতি বছর এখন পর্যন্ত রুপার দাম ৩৯ বার সমন্বয় করা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে