Views Bangladesh Logo

ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়াল ২ লাখ ৩০ হাজার টাকা

দেশের বাজারে ফের বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ২১৪ টাকা বাড়িয়ে ২ লাখ ৩০ হাজার ৭৮১ টাকা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) ‘স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং’-এর এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সকাল ১০টা থেকেই সারা দেশে নতুন এই দর কার্যকর হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা সোনা) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে অলংকারের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দর অনুযায়ী, প্রতি গ্রাম ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ১৯ হাজার ৭৮৫ টাকা, যা আগের দিন (২৯ সেপ্টেম্বর) ছিল ১৯ হাজার ৫৯৫ টাকা। অর্থাৎ এক দিনের ব্যবধানে প্রতি গ্রামে দাম বেড়েছে ১৯০ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ১৮ হাজার ৮৯৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৬ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের দাম ১৩ হাজার ২৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে বিশ্ববাজার ও স্থানীয় বাজারের সঙ্গে তাল মেলাতে গিয়ে একাধিকবার স্বর্ণের দাম সমন্বয় করে বাজুস। গত ২৬ সেপ্টেম্বর প্রতি গ্রাম ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ১৯ হাজার ৯৭০ টাকা, যা ২৮ সেপ্টেম্বর কমিয়ে ১৯ হাজার ৭৮৫ টাকা এবং ২৯ সেপ্টেম্বর আরও কমিয়ে ১৯ হাজার ৫৯৫ টাকা করা হয়েছিল। এক দিনের ব্যবধানে তা আবার বাড়ানো হলো।

স্বর্ণের পাশাপাশি বাড়ানো হয়েছে রুপার দামও। ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপার নতুন দর নির্ধারণ করা হয়েছে ৩৭০ টাকা, যা আগের দিন ছিল ৩৫৫ টাকা। অর্থাৎ প্রতি গ্রামে দাম বেড়েছে ১৫ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের রুপা ৩৫৫ টাকা, ১৮ ক্যারেট ৩০৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২৩০ টাকা প্রতি গ্রাম বিক্রি হবে।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নির্ধারিত এ দাম কার্যকর থাকবে।

সংগঠনটির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকার নির্ধারিত বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। ফলে গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তবে গয়নার নকশা অনুযায়ী মজুরি পৃথকভাবে যুক্ত হবে।

এ ছাড়াও পুরোনো স্বর্ণালংকার বদল বা বিক্রির ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম নির্ধারণ করে দিয়েছে বাজুস। পুরোনো অলংকার পরিবর্তনের (এক্সচেঞ্জ) ক্ষেত্রে ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে মূল মূল্যের ১২ শতাংশ এবং বাজুসের সদস্য প্রতিষ্ঠানগুলোর কাছে বিক্রি (পারচেজ) করার ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দেওয়া হবে। এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট কাটার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ