দুই দফা কমার পর আবার বাড়ল সোনার দাম
দেশের বাজারে সোনার দাম আবারও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা বাড়ানো হয়েছে। এতে ভ্যাটসহ প্রতি ভরির দাম দাঁড়িয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা।
সোমবার (২ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দর ঘোষণা করে বাজুস। একই দিন সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে নতুন দাম নির্ধারণ করা হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সংশোধিত মূল্যতালিকা প্রকাশ করা হয়।
নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ১৪৯ টাকা বাড়িয়ে ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৭৪১ টাকা বেড়ে ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা হয়েছে। সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোনার দাম বাড়লেও রুপার বাজারদরে কোনো পরিবর্তন আনেনি বাজুস। আগের নির্ধারিত মূল্যেই রুপা বিক্রি হবে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৫০০ টাকা, ২১ ক্যারেট ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ২১৬ টাকা রয়েছে।
এর আগে গত ৩০ ও ৩১ অক্টোবর দুই দফায় সোনার দাম কমিয়েছিল বাজুস। ওই দুই দফায় ২২ ক্যারেটের প্রতি ভরিতে মোট ৭ হাজার ১১৪ টাকা কমানো হয়েছিল। দুই দফা দরপতনের পর এবার আবারও মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নিল সংগঠনটি।
মতামত দিন