Views Bangladesh Logo

৬ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ৪,৪৩৩ টাকা বৃদ্ধি

দেশের বাজারে মাত্র ৬ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। এবার ভরিপ্রতি ৪ হাজার ৪৩৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা।

শনিবার (২৮ মার্চ) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এ দাম একইদিন বিকেল ৩টা ৪৫ মিনিট থেকে কার্যকর হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, হলমার্ক করা ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা। ২১ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩০ হাজার ৪২৩ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬০ হাজার ৮৪৭ টাকা। এসব দামের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য হবে।

বাজুস জানিয়েছে, দেশের বাজারে তেজাবি সোনার মূল্যবৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে দামের ঊর্ধ্বগতির কারণেই এই সমন্বয় করা হয়েছে। নিউইয়র্কের ২৭ মার্চের স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম ১১০ ডলার বেড়ে ৪ হাজার ৪৯৪ ডলারে পৌঁছায়, যা স্থানীয় বাজারেও প্রভাব ফেলেছে।

তবে সাম্প্রতিক সময়ে সোনার দামে ওঠানামা লক্ষ্য করা গেছে। গত ৩০ দিনে বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম ৭৯৫ ডলার কমেছে। এর প্রভাবে ১২ মার্চ থেকে পরবর্তী ১৬ দিনে দেশের বাজারে ভরিপ্রতি সর্বোচ্চ ৩৫ হাজার ৫৭৫ টাকা পর্যন্ত দাম কমানো হয়। এরপর আজ দুই দফায় মোট ৬ হাজার ৫৯০ টাকা বাড়ানো হয়েছে। ফলে ১২ মার্চের পর এখন পর্যন্ত ভরিপ্রতি মোট দাম কমেছে ২৮ হাজার ৯৮৫ টাকা।

বিশ্বজুড়ে ভূরাজনৈতিক উত্তেজনা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ ক্রয় বৃদ্ধি এবং বিনিয়োগকারীদের নিরাপদ বিনিয়োগের ঝোঁক—এসব কারণে দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। গত বছর বিশ্ববাজারে স্বর্ণের দাম ৭০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছিল।

চলতি বছরের জানুয়ারিতে প্রতি আউন্স সোনার দাম প্রায় ৫ হাজার ৬০০ ডলারে পৌঁছায়, যার প্রভাবে ২৯ জানুয়ারি দেশের বাজারে ভরিপ্রতি স্বর্ণের দাম বেড়ে ২ লাখ ৮৬ হাজার টাকায় দাঁড়ায়। তবে পরবর্তীতে মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত শুরুর পর থেকে দামে কিছুটা পতন দেখা যায়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ