Views Bangladesh Logo

ভরিতে সাড়ে ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে।

বুধবার (৮ এপ্রিল) সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন ২ লাখ ৫২ হাজার ৪০৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের ভরি ২ লাখ ৪০ হাজার ৯২০ টাকা, ১৮ ক্যারেটের ভরি ২ লাখ ৬ হাজার ৫১১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি (পিওর) স্বর্ণের দাম বৃদ্ধির কারণে নতুন এই মূল্য সমন্বয় করা হয়েছে।

এর আগে, গত ৬ এপ্রিল স্বর্ণের দাম কমানো হয়েছিল। সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৪৫ হাজার ৮১৯ টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৫৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে—এর মধ্যে ৩১ বার দাম বেড়েছে এবং ২২ বার কমেছে। ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয়ের মধ্যে ৬৪ বার বাড়ানো হয়েছিল এবং ২৯ বার কমানো হয়েছিল।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও বেড়েছে। নতুন করে ভরিতে ৩৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৮৯০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের ভরি ৫ হাজার ৫৯৯ টাকা, ১৮ ক্যারেটের ভরি ৪ হাজার ৭৮২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ৩ হাজার ৬১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

রুপার ক্ষেত্রেও চলতি বছরে ৩২ বার দাম সমন্বয় করা হয়েছে—এর মধ্যে ১৮ বার বেড়েছে এবং ১৪ বার কমেছে। আর ২০২৫ সালে মোট ১৩ বার সমন্বয়ের মধ্যে ১০ বার দাম বেড়েছিল এবং ৩ বার কমেছিল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ