টানা ওঠানামার পর ফের ঊর্ধ্বমুখী সোনার দাম
দেশের বাজারে টানা দুই দফা কমার পর আবারও বেড়েছে সোনার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা বৃদ্ধি পেয়েছে, ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা।
সোমবার (২২ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এই দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ার কারণে দেশের বাজারে সোনার নতুন দর সমন্বয় করা হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা। একইভাবে ১৮ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকায়। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৬০৬ টাকা।
বাজুস আরও জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নতুন মূল্য দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে।
এর আগে গত ২০ জুন সোনার দাম সমন্বয় করে ভরিপ্রতি ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছিল। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা।
এদিকে, দেশের বাজারে রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ২৪৯ টাকায়। ২১ ক্যারেটের রুপার দাম ৫ হাজার ১৬ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ৩ হাজার ২০৮ টাকায় বিক্রি হচ্ছে।
মতামত দিন