ভরিতে স্বর্ণের দাম লাখ টাকা ছাড়াল
ভরিতে স্বর্ণের দাম ১ হাজার ১৬৭ টাকা বৃদ্ধির কথা জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ফলে ভালো মানের তথা ২২ ক্যারেটের স্বর্ণ কিনতে গ্রাহককে গুণতে হবে ১ লাখ ৫৪৪ টাকা। এর আগে গত এক সপ্তাহ ধরে এই মানের সোনার ভরি ছিল ৯৯ হাজার ৩৭৭ টাকা।
বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন সোনার নতুন দাম নির্ধারণ করেছে। সোমবার (১৬ অক্টোবর) থেকে এটি কার্যকর করা হবে।
নতুন মূল্য অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১ লাখ ৫৪৩ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৯৫ হাজার ৯৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৮২ হাজার ২৩১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম হবে ৬৮ হাজার ৫৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোনার দাম বাড়ালেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের রুপার দাম (ভরি) ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১০৫০ টাকা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে