Views Bangladesh Logo

ভরিতে সোনার দাম কমলো ৫৪৮২ টাকা

দেশের বাজারে টানা দ্বিতীয় দিনের মতো কমানো হয়েছে সোনার দাম। নতুন সিদ্ধান্তে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৫ হাজার ৪৮২ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। একই সঙ্গে কমানো হয়েছে অন্যান্য মানের সোনা ও রুপার দামও।

শনিবার (৩১ অক্টোবর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্যতালিকা প্রকাশ করা হয়। সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। বাজুস জানায়, একই দিন সকাল ৯টায় সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে বাজার পরিস্থিতি পর্যালোচনা করে দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। আগের দিন শুক্রবার এই মানের সোনার দাম ছিল ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি বিক্রি হবে ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকায়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।

সোনার পাশাপাশি কমেছে রুপার দামও। নতুন তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৫০০ টাকা। ২১ ক্যারেটের রুপা বিক্রি হবে ৩ হাজার ৩৮৩ টাকায়। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ২১৬ টাকা নির্ধারণ করেছে বাজুস।

উল্লেখ্য, দেশের বাজারে সোনা ও রুপার দাম নির্ধারণ করে থাকে বাজুস। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্থানীয় বাজারে মূল্য সমন্বয় করে সংগঠনটি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ