Views Bangladesh Logo

দুই লাখ টাকার নিচে নামল স্বর্ণের ভরি

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে ৬ হাজার ১৮২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে দীর্ঘ সময় পর দুই লাখ টাকার নিচে নেমেছে স্বর্ণের ভরি।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। শনিবার (২১ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ দাম কমানোর ঘোষণা দেয় বাজুস। নতুন দর রোববার (২২ নভেম্বর) থেকে কার্যকর হবে।

এর আগে ২০ নভেম্বর ২২ ক্যারেট স্বর্ণের ভরিতে ১০ হাজার ৯৬৪ টাকা কমানো হয়েছিল। ওই দিন নতুন দাম নির্ধারণ করা হয় ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। দুই দিনের ব্যবধানে দুই দফায় স্বর্ণের দাম কমে ভরিতে মোট ১৭ হাজার ১৪৬ টাকা।

অন্যান্য মানের স্বর্ণের নতুন দাম

বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের পাশাপাশি অন্যান্য মানের স্বর্ণের দামও কমানো হয়েছে। নতুন দর অনুযায়ী, প্রতি ভরি—

২২ ক্যারেট: ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা।

২১ ক্যারেট: ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা।

১৮ ক্যারেট: ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা।

সনাতন পদ্ধতি: ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা।

নয় দফায় কমল ৩৪ হাজার ৭০০ টাকা

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি নভেম্বর মাসে দফায় দফায় স্বর্ণের দাম কমানো হয়েছে। সর্বশেষ সিদ্ধান্তের ফলে টানা নয় দফায় ২২ ক্যারেট স্বর্ণের ভরিতে মোট ৩৪ হাজার ৭০০ টাকা কমেছে।

স্বর্ণের দাম কমায় গয়না কিনতে আগ্রহী ক্রেতাদের জন্য বাজারে কিছুটা স্বস্তি তৈরি হতে পারে। তবে গয়না কেনার ক্ষেত্রে নির্ধারিত স্বর্ণের দামের সঙ্গে মজুরি যুক্ত হবে।

চলতি বছরে ১৪২ বার দাম সমন্বয়

বাজুসের বিজ্ঞপ্তিতে দেওয়া হিসাব অনুযায়ী, চলতি বছর দেশের বাজারে এখন পর্যন্ত মোট ১৪২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৫ দফায় দাম বাড়ানো হয়েছে, ৭৬ দফায় কমানো হয়েছে এবং এক দফায় ভ্যাট সমন্বয় করা হয়েছে।

অন্যদিকে, ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওই বছর ৬৪ বার দাম বাড়ানো হলেও কমানো হয়েছিল ২৯ বার।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ