সোনার দাম ভরিতে কমলো ৪৪৩২ টাকা
নিজস্ব প্রতিবেদক দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম কমে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সমন্বয় অনুযায়ী, প্রতি ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ৪৩২ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১০টা থেকে নতুন এই দর কার্যকর হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাজুস।
বাজুসের ঘোষণা অনুযায়ী, এখন থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকায় বিক্রি হবে। গতকাল বুধবার এই মানের সোনার দাম ছিল ২ লাখ ৫২ হাজার ৪০৯ টাকা। অর্থাৎ এক দিনের ব্যবধানে ভালো মানের সোনার দাম ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা হ্রাস পেয়েছে।
এছাড়া অন্যান্য মানের সোনার মধ্যে ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোনার দামের পাশাপাশি রুপার দামও কিছুটা কমানো হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের ভরি ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৫০০ টাকা নির্ধারণ করেছে সমিতি।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে উত্তেজনার প্রেক্ষাপটে বিশ্ববাজারে সোনার দাম দীর্ঘ সময় ধরে ঊর্ধ্বমুখী ছিল। তবে সম্প্রতি বিশ্ববাজারে দামের কিছুটা সংশোধন হওয়ায় দেশের বাজারেও তার প্রভাব পড়েছে। এর আগে গত ২৯ জানুয়ারি বিশ্ববাজারের অস্থিরতার দোহাই দিয়ে একলাফে সোনার দাম ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়েছিল বাজুস। তখন ভালো মানের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছিল ২ লাখ ৮৬ হাজার টাকায়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ মূল্যের রেকর্ড। আজকের এই কমানোর সিদ্ধান্তের ফলে বাজারে অস্থিরতা কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে