এবার ভরিপ্রতি স্বর্ণের দাম কমলো ২১৫৮ টাকা
দেশের বাজারে সোনার দাম আরও এক দফা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণালঙ্কারে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা পর্যন্ত কমানো হয়েছে। আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর করা হয়েছে।
বাজুসের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক জরুরি সভায় বিশ্ববাজার ও স্থানীয় বাজারের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে সোনার নতুন দাম নির্ধারণের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। গতকাল সোমবার পর্যন্ত এই মানের ভরিপ্রতি সোনার দাম ছিল ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা। আর ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
এদিকে সোনার দাম কমানো হলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। আগের সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৬০৭ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ৮৫৮ টাকায় বিক্রি হচ্ছে।
মতামত দিন