Views Bangladesh Logo

আন্তর্জাতিক বাজারের প্রভাবে দেশে কমলো স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজারে দরপতনের প্রভাবে দেশের বাজারেও আবার কমানো হয়েছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ৩৭৪ টাকা পর্যন্ত কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

মঙ্গলবার থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। এর আগে গত ১৬ মে এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্য নির্ধারণের ঘোষণা দেয় বাজুস।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমে যাওয়ায় দেশের বাজারেও এর প্রভাব পড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আন্তর্জাতিক বাজারে মঙ্গলবার স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে শূন্য দশমিক ৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৪২ দশমিক ৭ ডলারে। এর আগে সোমবার দাম নেমে যায় ৪ হাজার ৪৭৯ দশমিক ৫৪ ডলারে, যা গত ৩০ মার্চের পর সর্বনিম্ন পর্যায়।

এছাড়া জুন ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দামও শূন্য দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫৪৫ দশমিক ৫ ডলারে দাঁড়িয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা এবং ফেডারেল রিজার্ভের সুদের হার আরও বাড়তে পারে—এমন ধারণার কারণে বিনিয়োগকারীদের মধ্যে চাপ তৈরি হয়েছে। এতে মার্কিন ডলার শক্তিশালী হওয়ায় স্বর্ণের মতো নিরাপদ বিনিয়োগে আগ্রহ কিছুটা কমেছে।

সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা অব্যাহত থাকলে দেশের বাজারেও স্বর্ণের দামে আরও পরিবর্তন আসতে পারে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ