স্বর্ণের দাম ভরিতে কমল ৬ হাজার ৫৯০ টাকা
দেশের বাজারে স্বর্ণের দাম হ্রাস করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। পিওর গোল্ডের মূল্য কমায় এবার ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা কমানো হয়েছে। নতুন দাম শুক্রবার সকাল ১০টা থেকে সারাদেশে কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, দেশের বুলিয়ন মার্কেটে তেজাবি স্বর্ণের দাম হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণ ও রূপার দাম সমন্বয় করা হয়েছে।
নতুন দর অনুযায়ী, ১১.৬৬৪ গ্রামের এক ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম এখন ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা। প্রতি ভরি ২১ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, যা আগের তুলনায় ৬ হাজার ২৯৯ টাকা কম।
এছাড়া ১৮ ক্যারেট প্রতি ভরির দাম হয়েছে ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম কমে দাঁড়িয়েছে ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা। এ দুই ধরনের স্বর্ণের দাম যথাক্রমে ৫ হাজার ৩৬৬ ও ৪ হাজার ৪৩২ টাকা হ্রাস পেয়েছে।
চলতি বছরের ২৯ জানুয়ারি দেশের বাজারে স্বর্ণের দাম সর্বোচ্চ ২ লাখ ৮৬ হাজার টাকা পৌঁছেছিল। বর্তমানে সেই তুলনায় দাম অনেকটা কমেছে।
স্বর্ণের সঙ্গে রূপার দামও নতুনভাবে নির্ধারণ করা হয়েছে। ২২ ক্যারেট প্রতি ভরির রূপার দাম এখন ৫ হাজার ৩৬৫ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ১৩২ টাকা এবং ১৮ ক্যারেট ৪ হাজার ৪৩২ টাকা। সনাতন পদ্ধতির রূপার দাম ভরিপ্রতি ৩ হাজার ৩২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
জুয়েলারি ব্যবসায়ীরা জানিয়েছেন, বাজুস নির্ধারিত এই মূল্যের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট ও ন্যূনতম মজুরি যোগ করে ক্রেতাদের অলঙ্কার কিনতে হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে