টানা বৃদ্ধির পর ভরিতে স্বর্ণের দাম কমল ৯ হাজার ২১৪ টাকা
টানা ৬ দফা মূল্যবৃদ্ধির পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৯ হাজার ২১৪ টাকা কমিয়ে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া, ২১ ক্যারেট, ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দামও যথাযথভাবে সমন্বয় করা হয়েছে।
বুধবার সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ার পর, সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
এর আগে, ৩ মার্চ মঙ্গলবার ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ২ লাখ ৭৭ হাজার ৪২৮ টাকা। একদিনের ব্যবধানে এই বড় ধরনের পতন দেখা গেছে।
বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, বাজারে স্বর্ণের দাম প্রতিদিন পর্যালোচনা করে সমন্বয় করা হয়। সম্প্রতি ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ওঠানামা করেছে। মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমে যাওয়ার প্রভাব স্থানীয় বাজারে পড়েছে।
এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৩৭ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ২৪ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ১৩ দফা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে