Views Bangladesh Logo

সোনার দাম ভরিতে কমলো ৩,২৬৬ টাকা

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশের বাজারে সোনার দাম কামানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণালঙ্কারে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত কমানো হয়েছে। সোমবার (২৯ জুন) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর করা হয়েছে।

বাজুস সূত্রে জানা গেছে, আজ সকালে সংগঠনের ‘স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং’ এর এক জরুরি বৈঠকে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে মূল্য সমন্বয়ের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, দেশের বাজারে এখন থেকে ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালঙ্কার কিনতে ক্রেতাদের গুনতে হবে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা। গতকাল রোববার পর্যন্ত এই মানের সোনার ভরি ছিল ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। অর্থাৎ ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে কমেছে ৩ হাজার ২৬৬ টাকা।

নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা এখন থেকে বিক্রি হবে ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকায়।

সোনার দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রেখেছে বাজুস। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম আগের মতোই ৪ হাজার ৬৬৬ টাকা রাখা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৪৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৮৫৮ টাকা বহাল রয়েছে।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ