Views Bangladesh Logo

দুই দফা বৃদ্ধির পর কমলো স্বর্ণের দাম

 VB  Desk

ভিবি ডেস্ক

দুই দফা মূল্যবৃদ্ধির পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৩২৪ টাকা কমানো হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, নতুন দর অনুযায়ী ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৭ হাজার ১০৬ টাকা। এ দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ২ লাখ ৫৪ হাজার ৯৭৫ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ২ লাখ ১৮ হাজার ৫৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৮ হাজার ৪০১ টাকা।

অন্যদিকে, স্বর্ণের দাম কমলেও রুপার দাম বাড়িয়েছে বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২২ ক্যারেট রুপার প্রতি ভরি ১৭৫ টাকা বাড়িয়ে ৬ হাজার ৭০৭ টাকা করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেট রুপার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ৬ হাজার ৪১৫ টাকা, ১৮ ক্যারেট রুপা ৫ হাজার ৪৮২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৪ হাজার ৮২ টাকা।

এর আগে বুধবার স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় বাজুস। সে সময় প্রতি ভরি ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৭০ হাজার ৪৩০ টাকা।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৪১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৬ বার দাম বেড়েছে এবং কমেছে ১৫ বার। আর ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বেড়েছিল এবং ২৯ বার কমেছিল।

এদিকে চলতি বছর এখন পর্যন্ত রুপার দাম ২৫ দফা সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৬ বার দাম বেড়েছে এবং ৯ বার কমেছে। আর ২০২৫ সালে রুপার দাম সমন্বয় করা হয়েছিল মোট ১৩ বার—যার মধ্যে ১০ বার বেড়েছিল এবং ৩ বার কমেছিল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ