এবার ভরিতে সোনার দাম কমলো ৬৫৯১ টাকা
দেশের বাজারে সোনার দাম ভরিতে সর্বোচ্চ ৬ হাজার ৫৯১ টাকা পর্যন্ত কমানো হয়েছে। নতুন এই দাম বুধবার (১০ জুন) সকাল ১০টা থেকে কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
আজ সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। এর ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৬,৫৯১ টাকা কমে দাঁড়িয়েছে ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১২ হাজার ৬৩৫ টাকা এবং ১৮ ক্যারেটের সোনার দাম পড়বে ১ লাখ ৮২ হাজার ২৫০ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা এখন থেকে বিক্রি হবে ১ লাখ ৪৮ হাজার ৪২৪ টাকায়।
দেশের জুয়েলারি ব্যবসায় সোনার দামের সমতা ও সুনির্দিষ্ট মানদণ্ড বজায় রাখতে বাজুস নিয়মিত বিরতিতে এই মূল্য বিজ্ঞপ্তি জারি করে থাকে। বুধবারের বিজ্ঞপ্তিতে চার ক্যাটাগরির সোনার দামের পাশাপাশি রূপার দামও পুনর্নির্ধারণ করা হয়েছে।
নতুন রেট অনুযায়ী, ভরিপ্রতি ২২ ক্যারেটের রূপার দাম ৪,৮৯৯ টাকা, ২১ ক্যারেটের রূপার দাম ৪,৬৬৬ টাকা এবং ১৮ ক্যারেটের রূপার দাম ৪,০২৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির রূপার দাম প্রতি ভরি ৩,০৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে