Views Bangladesh Logo

ভরিতে ২২০২ টাকা কমলো সোনার দাম

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। কয়েক দফা কমানোর পর গত বৃহস্পতিবার দাম বাড়িয়েছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এর তিন দিনের মাথায় রোববার আবারও সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে সংগঠনটি।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বৃহস্পতিবার এই দাম ছিল ২ লাখ ৩৭ হাজার ৩৪৮ টাকা। অর্থাৎ ভরিতে দাম কমেছে ২ হাজার ২০২ টাকা।

সকাল ৯টায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বলা হয়, তেজাবী সোনার (পিওর গোল্ড) দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে দেশের বাজারে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২৪ হাজার ৫৯৪ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ৮৫৫ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ১ লাখ ৫৭ হাজার ৫১৯ টাকা।

এদিকে রুপার দামও নির্ধারণ করেছে বাজুস। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ১৩২ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ২০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, গয়নার নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। গয়নার বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। নির্ধারিত ভ্যাট, মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে গয়না কেনা বা পরিবর্তনের ক্ষেত্রে বাজুসের প্রচলিত নিয়ম বহাল থাকবে।

পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ