এক সপ্তাহের মাথায় কমলো সোনার দাম, ভরিতে ১,৬৯১ টাকা
দেশের বাজারে সোনার দাম ভরিপ্রতি ১ হাজার ৬৯১ টাকা কমানো হয়েছে। এর ফলে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার নতুন দাম ভ্যাটসহ দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকায়।
বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে এই নতুন দর কার্যকর হয়েছে বলে বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজার ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দেশেও এর দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।
সংশোধিত নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ হাজার ৫৭৪ টাকা কমিয়ে ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ হাজার ৩৪২ টাকা কমিয়ে ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ হাজার ১০৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।
এর আগে গত ১৯ সেপ্টেম্বর ভরিতে একই পরিমাণ অর্থ বাড়িয়েছিল সংস্থাটি। এক সপ্তাহের মাথায় আবারও দেশের সোনার বাজারে দাম কমানো হলো।
সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২৯১ টাকা কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৪১ টাকায়। এছাড়া ২১ ক্যারেট ৪ হাজার ৬০৭ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৯৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা ধরা হয়েছে।
মতামত দিন