Views Bangladesh Logo

সোনার ভরি ২ লাখ ছাড়ালো

টানা দ্বিতীয় দিনের মতো দেশের বাজারে সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

নতুন করে ভরিতে ২ হাজার ৪৯৫ টাকা বাড়ানোয় ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ৪২৫ টাকা। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো দেশের বাজারে এ মানের সোনার ভরি ২ লাখ টাকা ছাড়িয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) থেকে নতুন দাম কার্যকর হয়েছে। বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির সভায় তেজাবি সোনার দাম বৃদ্ধিসহ সার্বিক বাজার পরিস্থিতি পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন মূল্যতালিকায় ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯২ হাজার ৩৮৮ টাকা। ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৬৫ হাজার ১৯৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৩৪ হাজার ৬৯৫ টাকা।

এর আগে শুক্রবার ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করেছিল বাজুস। তার আগের দিন বৃহস্পতিবার এ দাম ছিল ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা। বুধবার আবার ভরিতে ২ হাজার ৮৫৮ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা। অর্থাৎ কয়েক দিনের ব্যবধানে একাধিকবার পরিবর্তন হয়েছে সোনার দাম।

সোনার দাম বাড়লেও নতুন মূল্যতালিকায় রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম ২৬০ টাকা, ২১ ক্যারেট ২৫০ টাকা, ১৮ ক্যারেট ২১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ১৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আগের দিনও এসব দাম একই ছিল।

বাজুস জানিয়েছে, সোনা ও রুপার অলংকারের নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। তাই ক্রেতার কাছ থেকে আলাদা করে ভ্যাট আদায় করা যাবে না। তবে অলংকারের নকশা ও মান অনুযায়ী নির্ধারিত মজুরি দিতে হবে।

পুরোনো সোনার অলংকার পরিবর্তনের ক্ষেত্রে মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে সোনার নির্ধারিত মূল্যের ওপর ৯ শতাংশ বাদ যাবে। আর পুরোনো অলংকার কিনে নেওয়ার ক্ষেত্রে বাদ দেওয়া হবে ১৫ শতাংশ। এ দুই ক্ষেত্রেই আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়ার সুযোগ নেই।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন মূল্যতালিকা কার্যকর থাকবে বলে জানিয়েছে বাজুস।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ