শাহজালাল বিমানবন্দরে প্রায় ২০ কোটি টাকার স্বর্ণের বার জব্দ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ২০ কোটি টাকা মূল্যের ৮০টি স্বর্ণের বার জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত পৌনে ৯টার দিকে দুবাই থেকে আসা ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে (এফজেড-৫২৩) অভিযান চালানো হয়। তল্লাশি চালানোর সময় বিমানটি যাত্রীশূন্য ছিল।
পরবর্তীতে বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের উপস্থিতিতে উড়োজাহাজটিতে তল্লাশি চালিয়ে ১৯-এ সিটের নিচ থেকে কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় ৮০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। জব্দকৃত প্রতিটি বারের ওজন ১১৬.৬৪ গ্রাম এবং সবমিলিয়ে বারগুলোর মোট ওজন ৯ হাজার ৩৩১ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ কোটি টাকা।
কাস্টমস হাউস জানায়, সরকারি শুল্ক ও কর ফাঁপি দিয়ে এসব স্বর্ণ বেআইনিভাবে দেশে আনা হয়েছিল এবং পরবর্তীতে বিমানবন্দর থেকে বাইরে পাচারের পরিকল্পনা ছিল। উদ্ধার করা স্বর্ণের বারগুলো বিমানবন্দর কাস্টমস গুদামে জমা রাখা হয়েছে।
সংস্থাটি আরও জানায়, চোরাচালান সংক্রান্ত প্রচলিত নিয়ম অনুযায়ী এগুলো বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।
মতামত দিন