Views Bangladesh Logo

লিমন-বৃষ্টির পরিবারের জন্য ফ্লোরিডার স্থানীয়দের তহবিল, দুই দিনে সংগ্রহ দেড় লাখ ডলার

 VB  Desk

ভিবি ডেস্ক

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা-এর নিহত দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বর্ষ্টির পরিবারের সহায়তায় চালু করা GoFundMe ক্যাম্পেইনে দুই দিনের মধ্যে ১ লাখ ৪০ হাজার ডলারেরও বেশি অর্থ সংগ্রহ হয়েছে।

এই তহবিল সংগ্রহ উদ্যোগটি শুরু করেন বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট অ্যাডভাইজার কাই রেইন্স, যিনি লিমনের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন।

ক্যাম্পেইন আয়োজকদের মতে, উভয় পরিবারই শিক্ষার্থীদের ওপর আর্থিকভাবে নির্ভরশীল ছিলেন, ফলে বর্তমান কঠিন পরিস্থিতিতে এই সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

বিশ্বজুড়ে জনপ্রিয় ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম GoFundMe-এর মাধ্যমে সাধারণত জরুরি পরিস্থিতিতে ব্যক্তি ও পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়।

এদিকে, ইউনিভার্সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, দুই শিক্ষার্থীর স্মরণে আগামীকাল বিকেল ৪টায় ক্যাম্পাসে একটি শোকসভা অনুষ্ঠিত হবে।

লিমন ও বর্ষ্টি, দুজনেরই বয়স ২৭ বছর। তারা ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। আট দিন পর প্রযুক্তিগত অনুসন্ধান ও যানবাহন ট্র্যাকিংয়ের মাধ্যমে লিমনের মরদেহ একটি সেতুর কাছে উদ্ধার করে পুলিশ। তার হাত-পা বাঁধা অবস্থায় ছিল এবং শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া যায়।

এরপর রোববার কাছাকাছি একটি জলাশয় থেকে আরেকটি মরদেহ উদ্ধার করা হয়, যা বর্ষ্টির বলে ধারণা করা হলেও এখনো আনুষ্ঠানিকভাবে শনাক্ত হয়নি।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে লিমনের রুমমেট ২৬ বছর বয়সী হিসাম আবু গারবিয়েহকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ। তাকে বর্তমানে কারাগারে রাখা হয়েছে এবং আদালত তাকে জামিন ছাড়াই আটক রাখার নির্দেশ দিয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ