সড়ক দুর্ঘটনায় ‘গডজিলা’ অভিনেত্রী কেলি হটলের মৃত্যু
‘গডজিলা’ সিরিজের দুই চলচ্চিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া কোরিয়ান-আমেরিকান অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স মাত্র ১৮ বছর হয়েছিল বলে বার্তা সংস্থা সিএনএনের খবরে জানানো হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) ভোরে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ফ্রেডেরিক কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে শেরিফের কার্যালয়।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ভোর ৩টার দিকে একটি হোন্ডা অ্যাকর্ড নিয়ন্ত্রণ হারিয়ে দুই লেনের সড়ক থেকে ছিটকে একটি কালভার্টে আছড়ে পড়ে। গাড়িতে থাকা দুই ব্যক্তির একজন ছিলেন কেলি হটল।
সড়ক দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত একটি ট্রমা সেন্টারে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। গাড়িটির চালক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তার আঘাত গুরুতর নয় বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
শেরিফের কার্যালয় জানিয়েছে, অতিরিক্ত গতিই দুর্ঘটনার অন্যতম কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
২০২১ সালে মুক্তি পাওয়া ‘গডজিলা ভার্সেস কং’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় কেলি হটলের। ছবিটিতে তিনি স্কাল আইল্যান্ডের শ্রবণপ্রতিবন্ধী এতিম শিশু ‘জিয়া’ চরিত্রে অভিনয় করেন। গল্পে জিয়া সাংকেতিক ভাষার সাহায্যে কিং কংয়ের সঙ্গে যোগাযোগ রক্ষা করত।
এরপর ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘গডজিলা ভার্সেস কং: দ্য নিউ এম্পায়ার’ সিনেমাতেও একই চরিত্রে দেখা যায় তাকে। এই ছবিতে অভিনয়ের জন্য ২০২৪ সালের স্যাটার্ন অ্যাওয়ার্ডসে তরুণ অভিনয়শিল্পীর সেরা পারফরম্যান্স বিভাগে মনোনয়ন পান তিনি।
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় জন্ম নেওয়া কেলি হটলের বাবা ছিলেন আমেরিকান এবং মা কোরিয়ান। তিনি জন্মগতভাবেই শ্রবণপ্রতিবন্ধী ছিলেন। মৃত্যুর সময় তিনি টেক্সাসের অস্টিনে টেক্সাস স্কুল ফর দ্য ডেফের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
মতামত দিন