Views Bangladesh Logo

কুমিল্লা সেনানিবাসে জিওসির সঙ্গে নিহত তৌহিদের পরিবারের সাক্ষাৎ

কুমিল্লা সদর উপজেলার ইটাল্লা গ্রামের বাসিন্দা ও পাঁচথুবী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের স্ত্রী ও পরিবারের চার সদস্য বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিকের সঙ্গে তার অফিস কক্ষে সাক্ষাৎ করেছেন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে নিহত যুবদল নেতা তৌহিদুল ইসলামের স্ত্রী ইয়াসমিন নাহার, বড় ভাই আবুল কালাম আজাদ টিপু, বড় বোনের মেয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক মাহবুবা উদ্দিন, ভগ্নীপতি খান-ই-আলম ও তার মেয়ে সানজিদা আক্তার সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের জিওসির সঙ্গে যৌথ বাহিনীর হেফাজতে মৃত্যুর বিষয়টি নিয়ে সাক্ষাৎ করেন।

এ সময় তৌহিদুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেন জিওসি। ঘটনাটির বিষয়ে নিহতের পরিবারকে আশ্বস্ত করে জিওসি বলেন, এ ঘটনার বিষয়ে ইতোমধ্যে তদন্ত আদালতের কার্যক্রম চলমান রয়েছে এবং দোষীসাব্যস্তদের দ্রুত বিচারের আওতায় আনা হবে।

জিওসি আরও বলেন, নিহত তৌহিদের পরিবার ও সন্তানদের ভবিষ্যৎ নিরাপত্তার বিষয়ে সেনাবাহিনী সব সময় পাশে থাকবে এবং সব ধরনের সহযোগিতা করবে।
সাক্ষাতে আসা তৌহিদুল ইসলামের স্ত্রী ও পরিবার জিওসির কাছে প্রতারণার মাধ্যমে যারা সেনা ক্যাম্পে মিথ্যা অভিযোগ দিয়েছে তাদেরও বিচারের আওতায় আনার দাবি জানান।

এদিকে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে তৌহিদের মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে একটি মামলা দায়ের করার সব প্রস্তুতি নিয়েছে বলে জানানো হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ