নওগাঁয় দুর্বৃত্তদের হামলায় ব্যবসায়ী নিহত
নওগাঁর ধামইরহাটে দুর্বৃত্তদের হামলায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আড়ানগর ইউনিয়নের শিমুলতলী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত উজ্জ্বল হোসেন (৩০) উপজেলার বংশীবাটি গ্রামের সাইদুল ইসলামের ছেলে। পেশায় তিনি ছাগলের ব্যবসা করতেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বড়থা বাজার থেকে বাড়ি ফিরছিলেন উজ্জ্বল হোসেন। এ সময় শিমুলতলী এলাকায় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে জাহিদ হাসান নামের এক মোটরসাইকেল আরোহী তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখলে স্থানীয়দের সহযোগিতায় পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় দোষীদের গ্রেপ্তার করে তাদের শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্ত্রী শাকিলা বেগম। তিনি জানান, তার স্বামী প্রতিদিনের মতো ব্যবসা শেষে বাড়ি ফেরার কথা ছিল। রাত ১০টার দিকে খবর পান উজ্জ্বলকে কেউ কুপিয়ে আহত করেছে। পরে হাসপাতালে গিয়ে মৃত অবস্থায় দেখতে পান স্বামীকে।
এ ব্যাপারে ধামইরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম বলেন, প্রাথমিকভাবে সন্দেহভাজন হিসেবে আরিফ হোসেন ও সাগর নামে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে