বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় বিপর্যয়, আউটলুক-টিমস ব্যবহারে ভোগান্তি
বিশ্বজুড়ে মাইক্রোসফটের একাধিক ডিজিটাল সেবায় বড় ধরনের কারিগরি বিপর্যয় দেখা দিয়েছে। এতে প্রতিষ্ঠানটির ই-মেইল সেবা আউটলুক, অনলাইন যোগাযোগের প্ল্যাটফর্ম টিমস এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী কোপাইলট ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েছেন লাখো গ্রাহক।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) এ বিপর্যয় শুরু হয়। ওয়েবসাইট ও অনলাইন সেবার কার্যক্রম পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় দুপুর ১টার পর আউটলুকের সমস্যার বিষয়ে অভিযোগ দ্রুত বাড়তে থাকে। একপর্যায়ে অভিযোগকারীর সংখ্যা প্রায় ১ লাখ ৩০ হাজারে পৌঁছায়।
ব্যবহারকারীদের অভিযোগ, অনেকেই নিজেদের ই-মেইল ইনবক্সে প্রবেশ করতে পারছিলেন না। কেউ কেউ ই-মেইল পাঠানো ও গ্রহণের ক্ষেত্রেও সমস্যার মুখে পড়েন। আউটলুকের পাশাপাশি মাইক্রোসফট টিমস এবং মাইক্রোসফট ৩৬৫-এর অন্যান্য সেবাতেও সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ে তদন্ত শুরুর কথা জানিয়েছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, বিশেষ করে আউটলুক ও টিমসের কার্যক্রমে বিঘ্ন সৃষ্টির কারণ খতিয়ে দেখা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় প্রতিষ্ঠানটি জানায়, উত্তর ও দক্ষিণ আমেরিকার ব্যবহারকারীদের একাংশ বিভিন্ন মাধ্যমে এক্সচেঞ্জ অনলাইন মেইলবক্সে প্রবেশ করতে পারছেন না।
কারিগরি ত্রুটির কারণ ব্যাখ্যা করতে গিয়ে মাইক্রোসফট জানায়, তাদের অবকাঠামোর একটি অংশে অতিরিক্ত চাপ তৈরি হওয়ায় সংযোগে সমস্যা দেখা দিয়েছে। স্বয়ংক্রিয় পরীক্ষার সময় সৃষ্ট ত্রুটির কারণে বেশ কয়েকটি সার্ভার অপ্রত্যাশিতভাবে অকার্যকর হয়ে পড়ে। এর প্রভাবেই ব্যবহারকারীরা বিভিন্ন সেবা ব্যবহারে বাধার সম্মুখীন হন।
তবে সার্ভারগুলো অচল হয়ে পড়ার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি। সমস্যা নিরসনে একটি প্রযুক্তিগত সমাধান পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে তারা।
মাইক্রোসফট ৩৬৫-এর আনুষ্ঠানিক স্ট্যাটাস অ্যাকাউন্ট থেকেও গ্রাহকদের ভোগান্তি কমাতে কাজ করার কথা জানানো হয়েছে। সম্ভাব্য সমাধানের বিভিন্ন পথ পর্যালোচনা করে দ্রুত স্বাভাবিক সেবা নিশ্চিত করার চেষ্টা চলছে বলে উল্লেখ করা হয়।
এর আগে বৃহস্পতিবার দিনের শুরুতে উত্তর আমেরিকায় মাইক্রোসফট টিমসের সমস্যা সমাধান হয়েছে বলে দাবি করেছিল প্রতিষ্ঠানটি। তবে ওই ঘোষণার পরও অনেক ব্যবহারকারী সংযোগ বিচ্ছিন্ন এবং অ্যাপ্লিকেশন ব্যবহারে সমস্যার কথা জানান।
প্রযুক্তি প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে মাইক্রোসফটের এসব সেবার ব্যাপক ব্যবহার রয়েছে। ফলে এ ধরনের বিভ্রাটে ব্যক্তিগত যোগাযোগের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের দাপ্তরিক কার্যক্রমেও বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে।
মতামত দিন