গুলেরের গোলে শিরোপার আশা অক্ষুণ্ণ রইল রিয়াল মাদ্রিদের
লা লিগায় দলগুলোর মধ্যে শেষের রোমাঞ্চ জমে উঠছে। শিরোপা জয়ের লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে পাল্লা দিচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। দুদলই ৩৩টি করে ম্যাচ খেলেছে। সর্বোচ্চ ৭৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বার্সেলোনা। চার পয়েন্ট পিছিয়ে থাকা রিয়ালের অর্জন ৭২ পয়েন্ট।
গত বুধবার (২৩ এপ্রিল) গেটাফের মাঠে আরদা গুলেরের গোলে ১-০ ব্যবধানে জিতেছে রিয়াল। এই জয়ে শিরোপা জয়ের আশা অক্ষুন্ন রেখেছে দলটি। লা লিগায় বর্তমানে প্রতিটি ম্যাচে পয়েন্ট মহামূল্যবান হয়ে দাঁড়িয়েছে। কোনো ম্যাচে পয়েন্ট হারালেই শিরোপা জয়ের রেস থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই বাকি ৫টি ম্যাচ বেশ গুরুত্ব দিয়েই খেলবে বার্সেলোনা ও রিয়াল।
রিয়ালের পরবর্তী ম্যাচ সেলতা ভিগোর বিপক্ষে, ৪ মে। এরপর ১১ মে বার্সেলোনা ও রিয়াল মাদিদ্রের মধ্যকার এল ক্লাসিকো আকর্ষণ রয়েছে। এ ম্যাচেই লা লিগার শিরোপা কারা জিততে যাচ্ছে, সেটি পরিস্কার হয়ে যেতে পারে। এর আগে ২৭ এপ্রিল কোপা দেল রের ফাইনালে পরস্পরের মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল।
গেটাফের বিপক্ষে কলিসিয়াম মাঠে জয়ের অভিন্ন লক্ষ্য নিয়ে নেমেছিল রিয়াল। ২১ মিনিটে কোচ কার্লো আনচেলত্তির দলকে এগিয়ে দেন আরদা গুলের। এই তার্কিশ তরুণের দুর্দান্ত শটের গোলে স্কোর লাইন ১-০ করে দলটি। এ গোলটিই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে। কার্ড নিষেধাজ্ঞার কারণে এ ম্যাচে খেলতে পারেননি তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। তরুণদের উপর ভরসা করেন কোচ আনচেলত্তি। শেষ পর্যন্ত স্কোর লাইন ধরে রেখে কাঙ্খিত জয় পেয়েছে রিয়াল।
গেটাফের বিপক্ষে জিতলেও এল ক্লাসিকো সামনে রেখে বড় দুঃসংবাদ রিয়াল শিবিরে। কেননা তাদের দুই গুরুত্বপূর্ণ ফুটবলার এদুয়ার্দো কামাভিঙ্গা ও ডেভিড আলাবা ইনজুরিতে পড়েছেন। কোপা দেল রের ফাইনালে তাদের খেলার সম্ভাবনা ক্ষীণ। তবে তাদের জন্য অপেক্ষায় থাকবে দল। মাংসপেশীতে চোট লেগেছে আলাবার। আর কুঁচকির চোটে পড়েন কামাভিঙ্গা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে