Views Bangladesh Logo

জয়পুরহাটে মেয়েদের বাতিল ফুটবল ম্যাচটি ফের হবে শিগগিরই

 VB  Desk

ভিবি ডেস্ক

খেলার মাঠের চারপাশে টিনের বেড়া ভাঙচুরে বাতিল হওয়া মেয়েদের ফুটবল ম্যাচটি শিগগিরই পুনর্নির্ধারণের ঘোষণা দিয়েছে জয়পুরহাট জেলা প্রশাসন।

স্থানীয় বাচা হাজি মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের ভাঙচুরের পর মঙ্গলবার (২৮ জানুয়ারি) আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠের পূর্বনির্ধারিত প্রীতি নারী ফুটবল ম্যাচটি বন্ধ হয়ে যায়।

শনিবার (১ ফেব্রুয়ারি) আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, শুক্রবার (৩১ জানুয়ারি) তদন্ত কমিটি, আয়োজক ও স্থানীয় ধর্মীয় নেতাদের মধ্যে বৈঠকে খেলাটি ফের আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।

তিনি আরও জানান, সেনাবাহিনীর দল নিয়ে খেলার মাঠটি পরিদর্শন করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন তদন্ত কমিটির সদস্যরা। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল।


ঘটনাটি তদন্তে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) পাঁচ সদস্যের ওই কমিটি গঠন করে জেলা প্রশাসন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমারকে আহ্বায়ক করে গড়া কমিটির সদস্যরা হলেন আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ওসি, জেলা ক্রীড়া কর্মকর্তা ও ছাত্র প্রতিনিধি মাহফুজ আহমেদ।


ওসি জানান, ইউএনও মঞ্জুরুল আলম, তদন্ত কমিটির সদস্য, স্থানীয় ধর্মীয় নেতারাও স্বীকার করেছেন, ‘ভুল বোঝাবুঝিতে’ ঘটনাটি ঘটে গেছে।  ভাঙচুরে জড়িত কিছু ব্যক্তিও সেখানে ছিলেন এবং ঘটনাটির জন্য ভুল স্বীকার ও দুঃখ প্রকাশ করেছেন।


তিনি আশ্বস্ত করেন, মাঠে নারী ফুটবল খেলায় আর কোনো বাধা নেই এবং শিগগিরই ম্যাচটি মাঠে গড়ানোর ব্যবস্থা করা হবে।

বাচা হাজি মাদ্রাসার শিক্ষক মোস্তাকিম হোসেন দুঃখ প্রকাশ করে নারী ফুটবল ম্যাচটি বিঘ্নিত হওয়ায় ক্ষমা চেয়েছেন।

তিনি বলেন, ‘স্থানীয়দের মধ্যে ভুল বোঝাবুঝিতে এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে এবং আমরা দেশ ও বিশ্বের সামনে লজ্জিত। আমরা আশ্বাস দিচ্ছি যে, জয়পুরহাটে এমন ঘটনা আর ঘটবে না’।

তিলকপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি নজরুল ইসলাম বলেন, ‘সরকারি বিধি অনুসারে খেলাধুলা পরিচালনাকে আমরা সমর্থন করি। স্থানীয় মুসলমানদের মধ্যে ভুল বোঝাবুঝিতে ঘটনাটি ঘটেছে এবং আমরা ভবিষ্যতে এ ধরনের ঘটনা চাই না।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ