Views Bangladesh Logo

টিকটকে প্রেম, বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান

টিকটকে পরিচয় থেকে প্রেম, এরপর দীর্ঘদিন একসঙ্গে বসবাস। শেষ পর্যন্ত বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক নারী। ঘটনাটি ঘটেছে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের পূর্ব কাকৈরগড়া গ্রামে।

জানা গেছে, প্রায় চার বছর আগে টিকটকের মাধ্যমে পরিচয় হয় হিন্দু যুবক অন্তু চক্রবর্তী ও মুসলিম নারী মিতু আক্তারের। পরিচয়ের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তারা দীর্ঘদিন একসঙ্গে বসবাসও করেন বলে দাবি করেছেন মিতু।

মিতু আক্তার জানান, ২০২২ সালে তাদের পরিচয় হয়। সে সময় অন্তু সাভারের একটি গার্মেন্টসে চাকরি করতেন। ২০২৪ সালে তিনি সেখানে গেলে তারা একসঙ্গে থাকতে শুরু করেন। তার দাবি, অন্তু তাকে বিয়ের আশ্বাস দিয়েছিলেন।

তিনি বলেন, আমি তাকে আগেই বলেছিলাম, আমার স্বামী-সন্তান আছে। তখন সে বলেছিল, এগুলো তার সমস্যা না। এখন সে আমাকে অস্বীকার করছে।

মিতু আরও জানান, আগের সংসারে তার এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। তবে প্রেমের সম্পর্কে জড়িয়ে তিনি সব ছেড়ে অন্তুর কাছে চলে আসেন। বর্তমানে বিয়ের দাবিতে তিনি অন্তুর বাড়িতে অবস্থান করছেন।

অন্যদিকে অন্তু চক্রবর্তীর দাবি, তিনি প্রথমে জানতেন না যে মিতু মুসলিম ও বিবাহিত। পরে বিষয়টি জানতে পেরে সম্পর্ক থেকে সরে আসেন।

তিনি বলেন, হিন্দু পরিচয়ে তার সঙ্গে সম্পর্ক হয়েছিল। পরে জানতে পারি সে বিবাহিত এবং তার সন্তানও আছে। তাই আমি তাকে বিয়ে করবো না।

অন্তুর বাবা অশিত চক্রবর্তী বলেন, ছেলে বাইরে চাকরি করত। সেখানে এই সম্পর্কের বিষয়টি আমি জানতাম না।

স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ বলছেন, দুজনই ভুল করেছেন। তবে দীর্ঘদিন একসঙ্গে থাকার কারণে বিষয়টি সামাজিকভাবে সমাধানের চেষ্টা করা উচিত।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য জামাল উদ্দিন জানিয়েছেন, এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আইনগতভাবে বিষয়টির সমাধানের চেষ্টা করা হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ