Views Bangladesh Logo

ফেনীতে মাদ্রাসা থেকে পালানোর চেষ্টা, ছয়তলার কার্নিশে আটকা ছাত্রী

ফেনীতে মাদ্রাসায় যেতে না চেয়ে সাততলা ভবনের ছাদে উঠে পালানোর চেষ্টা করে ১২ বছরের এক মাদ্রাসাছাত্রী। একপর্যায়ে ছয়তলার একটি জানালার কার্নিশে আটকা পড়ে আতঙ্কিত হয়ে পড়ে সে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

শনিবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ফেনী শহরের চাড়িপুর এলাকায় এ ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টা পর দুপুর দেড়টার দিকে তাকে উদ্ধার করা হয়।

ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোতাহের হোসেন জানান, স্বজনেরা ওই শিশুকে চাড়িপুর দারুন নাজাত মহিলা মাদ্রাসায় ভর্তি করেন। তবে মাদ্রাসায় পড়তে আগ্রহী ছিল না সে। শনিবার সকালে তার মা ও মামী জোর করে তাকে মাদ্রাসায় রেখে যান।

পরে বেলা সাড়ে ১১টার দিকে শিশুটি মাদ্রাসার সাততলা ভবনের ছাদে উঠে যায়। সেখান থেকে নিচে নামার চেষ্টা করার সময় ছয়তলার একটি জানালার কার্নিশে আটকা পড়ে। এ সময় আতঙ্কিত হয়ে পড়ে শিশুটি।

কার্নিশে শিশুটিকে আটকে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে ফেনী মডেল থানার পুলিশ ও ফেনী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।

পরে দুপুর দেড়টার দিকে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ