২৮ আঙুল নিয়ে নবজাতকের জন্ম
দিনাজপুরের ফুলবাড়ীতে দুই হাত ও পায়ে মোট ২৮টি আঙুল নিয়ে এক কন্যাশিশুর জন্ম হয়েছে। বিষয়টি জানাজানি হলে এলাকায় কৌতূহল তৈরি হয়। তবে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, অতিরিক্ত আঙুল থাকা জন্মগত একটি শারীরিক বৈশিষ্ট্য, যা বিভিন্ন কারণে হতে পারে।
উপজেলার শিবনগর ইউনিয়নের পুরাতন বন্দর মালিপাড়া গ্রামের আরিফুল ইসলাম ও লিজা দম্পতির ঘরে শিশুটির জন্ম হয়। গত রোববার (১৩ সেপ্টেম্বর) পৌর শহরের একটি বেসরকারি ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটির জন্ম হয়। এটি ওই দম্পতির প্রথম সন্তান।
পরিবার সূত্রে জানা গেছে, রোববার দুপুরে লিজা অসুস্থ হয়ে পড়লে তাকে পৌর শহরের একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হয়। পরে বিকেলে অস্ত্রোপচারের মাধ্যমে তিনি কন্যাশিশুটির জন্ম দেন।
শিশুটির দুই হাত ও দুই পায়ে সাতটি করে আঙুল ছিল। প্রতিটি আঙুলেই নখ রয়েছে। তবে জন্মের দুই দিন পর বাম হাতের একটি অতিরিক্ত আঙুল ঝরে পড়ে। এ ছাড়া শিশুটির ঠোঁটও কাটা রয়েছে।
শিশুটির জন্মের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ তাকে একনজর দেখতে বাড়িতে ভিড় করছেন।
পরিবারের সদস্যরা জানান, শিশুটির হাত-পায়ের অতিরিক্ত আঙুল দেখে তাঁরা প্রথমে বিস্মিত হন। তবে এ নিয়ে তাঁরা সন্তুষ্ট।
শিশুটির বাবা আরিফুল ইসলাম বলেন, ‘এটি আমাদের প্রথম সন্তান। সবকিছু আল্লাহর ইচ্ছা, আমরা সন্তুষ্ট।’
দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ও শিশুরোগ বিশেষজ্ঞ এস কে সাদেক আলী বলেন, চিকিৎসাবিজ্ঞানের ভাষায় অতিরিক্ত আঙুল থাকার অবস্থাকে ‘পলিড্যাক্টিলি’ বলা হয়। এটি কোনো সমস্যা নয়, বরং জন্মগত একটি শারীরিক বৈশিষ্ট্য, যা বিভিন্ন কারণে হতে পারে। তবে শিশুটির অন্য কোনো সমস্যা আছে কি না, তা জানতে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
মতামত দিন