নরসিংদীতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার কিশোরীকে বাবার সামনে থেকে তুলে নিয়ে হত্যা
নরসিংদীতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার কিশোরীকে বাবার সামনে থেকে তুলে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম আমেনা আক্তার (১৫)। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে মাধবদী থানাধীন মহিষাশুড়া ইউনিয়নের দড়িকান্দী এলাকার একটি ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আমেনা আক্তার মাধবদীর বিলপাড় এলাকার আশরাফ হোসেনের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার।
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, আশরাফ হোসেন কাজের সুবাদে ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
নিহতের সৎপিতা আশরাফ হোসেন অভিযোগ করেন, প্রায় ১৫ দিন আগে স্থানীয় নূরার নেতৃত্বে ৫–৬ জনের একটি দল তার মেয়েকে কর্মস্থল থেকে ফেরার পথে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে বিষয়টি স্থানীয়ভাবে মহিষাশুড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য আহমদের নেতৃত্বে মীমাংসা করা হয় বলে দাবি করেন তিনি।
তার আরও অভিযোগ, বুধবার রাতে মেয়েকে খালার বাড়িতে রেখে আসার পথে বড়ইতলা এলাকায় পৌঁছালে অভিযুক্তরা তার কাছ থেকে আমেনাকে জোর করে নিয়ে যায়। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যায়নি। পরদিন সকালে স্থানীয়রা সরিষা ক্ষেতের মধ্যে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ ছাড়াও সম্ভাব্য জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে