চলে গেলেন ‘ঘুড্ডি’ নির্মাতা সালাহউদ্দিন জাকী
‘ঘুড্ডি’ খ্যাত একুশে পদকপ্রাপ্ত নির্মাতা সৈয়দ সালাহউদ্দিন জাকী মারা গেছেন। গতকাল সোমবার রাত ১১টা ৫৩ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। এই পরিচালকের মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।
সৈয়দ সালাউদ্দিন জাকীরের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তারা দুজনেই কানাডায় থাকেন। জানা গেছে, সন্তানরা দেশে ফেরার পর বাবার দাফনের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
সোমবার রাত ১০টার পর হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ঘটে নির্মাতা সৈয়দ সালাহউদ্দিন জাকীর। দ্রুত রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা নিশ্চিত করেন তিনি মারা গেছেন।
নির্মাতা পরিচয়ের বাইরেও সৈয়দ সালাউদ্দিন জাকী কাহিনীকার, সংলাপ রচয়িতা, চিত্রনাট্যকার ও লেখক হিসেবে পরিচিত। ১৯৮০ সালে মুক্তিপ্রাপ্ত নিজের প্রথম চলচ্চিত্র ‘ঘুড্ডি’ দিয়ে দর্শকদের পাশাপাশি চলচ্চিত্র সমালোচকদেরও মন জয় করেন তিনি। এই সিনেমার জন্য তিনি শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।
এরপর ‘লাল বেনারসি’, ‘আয়না বিবির পালা’সহ কয়েকটি চলচ্চিত্র নির্মাণ করেন। গত শতকের নব্বই দশকের শেষ দিকে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হিসেবেও কর্মরত ছিলেন তিনি। সৈয়দ সালাহউদ্দিন জাকী ১৯৪৬ সালের ২৬ আগস্ট জন্মগ্রহণ করেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে