না ফেরার দেশে ‘গজনি’ খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত
ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় খল অভিনেতা, ‘গজনি’ খ্যাত প্রদীপ রাওয়াত আর নেই। ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন লড়াইয়ের পর ৭৪ বছর বয়সে মারা গেছেন তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ব্যবস্থাপক সিদ্ধার্থ তিওয়ারি।
জানা গেছে, ক্যানসারে আক্রান্ত হওয়ার পর সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়। এক মাসের বেশি সময় চিকিৎসাধীন থাকার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
১৯৫২ সালের ২১ জানুয়ারি মধ্যপ্রদেশের জবলপুরে জন্ম নেওয়া প্রদীপ রাওয়াত অভিনয়জীবন শুরু করেন টেলিভিশনের মাধ্যমে। বি. আর. চোপড়ার বিখ্যাত ধারাবাহিক ‘মহাভারত’-এ অশ্বত্থামার চরিত্রে অভিনয় করে প্রথম পরিচিতি পান। পরে ১৯৮৫ সালে ‘অ্যায়তবার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার।
নব্বইয়ের দশকে ‘অগ্নিপথ’, ‘কয়লা’, ‘সরফরোশ’ এবং ‘মেজর সাব’-এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়ান তিনি। তবে ২০০১ সালে আমির খানের ‘লগান’-এ দেবা সিং সোধি চরিত্র এবং ২০০৫ সালের তামিল ‘গজনি’ ও ২০০৮ সালের হিন্দি ‘গজনি’-তে ভয়ংকর খলনায়কের ভূমিকাই তাকে উপমহাদেশজুড়ে ব্যাপক পরিচিতি এনে দেয়।
চার দশকের বেশি সময়ের অভিনয়জীবনে তিনি হিন্দি, তামিল, তেলেগু, নেপালিসহ বিভিন্ন ভাষার শতাধিক চলচ্চিত্র ও টেলিভিশন নাটকে অভিনয় করেছেন। গভীর কণ্ঠস্বর, শক্তিশালী পর্দা উপস্থিতি এবং স্বতন্ত্র অভিনয়শৈলীর জন্য তিনি ভারতীয় চলচ্চিত্রের অন্যতম স্মরণীয় খলনায়ক হিসেবে বিবেচিত হন।
তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ‘ছাবা’।
অভিনয়ে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৪ সালে তিনি ফিল্মফেয়ার (তেলেগু) এবং নন্দী পুরস্কার লাভ করেন।
প্রদীপ রাওয়াতের মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, ভক্ত এবং চলচ্চিত্রপ্রেমীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রতি শ্রদ্ধা ও শোক প্রকাশ করছেন।
মতামত দিন