Views Bangladesh Logo

কুরাসাওকে ৭-১ গোলে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত শুরু জার্মানির

Sports Desk

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপ ২০২৬-এ নিজেদের অভিযান দুর্দান্তভাবে শুরু করেছে জার্মানি। গ্রুপ ‘ই’-এর ম্যাচে অভিষিক্ত কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় জুলিয়ান নাগেলসমানের দল। ষষ্ঠ মিনিটে ফ্লোরিয়ান ভির্টজের দারুণ পাস থেকে গোল করে জার্মানিকে এগিয়ে দেন ফেলিক্স এনমেচা।

তবে বিশ্বকাপে প্রথমবার খেলতে নামা কুরাসাও-ও নিজেদের উপস্থিতি জানান দেয়। ২০তম মিনিটে লিভানো কোমেনেনসিয়া গোল করে ম্যাচে সমতা ফেরান। জার্মানির বিপক্ষে এই গোলটি ছিল কুরাসাওর বিশ্বকাপ ইতিহাসের প্রথম গোল, যা তাদের জন্য স্মরণীয় এক মুহূর্ত হয়ে থাকবে।

সমতায় ফেরার পর ম্যাচের নিয়ন্ত্রণ আরও শক্তভাবে নিজেদের হাতে নেয় জার্মানি। ৩৭তম মিনিটে নিকো শ্লটারবেক গোল করে দলকে আবারও এগিয়ে দেন। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে বক্সে ফেলিক্স এনমেচাকে ফাউল করলে পেনাল্টি পায় জার্মানি। স্পটকিক থেকে গোল করে ব্যবধান ৩-১ করেন কাই হাভার্টজ।

দ্বিতীয়ার্ধ শুরু হতেই কুরাসাওর প্রত্যাবর্তনের সম্ভাবনা শেষ করে দেয় জার্মানি। ৪৭তম মিনিটে জোশুয়া কিমিখের পাস থেকে জামাল মুসিয়ালা গোল করে ব্যবধান ৪-১ করেন।

এরপরও থামেনি জার্মানদের আক্রমণ। ৬৮তম মিনিটে ডেনিজ উন্দাভের পাস থেকে ন্যাথানিয়েল ব্রাউন দলের পঞ্চম গোল করেন। ৭৭তম মিনিটে গোলদাতার তালিকায় নাম লেখান উন্দাভ নিজেও।

ম্যাচের শেষ দিকে আবারও জ্বলে ওঠেন হাভার্টজ। ৮৮তম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের সপ্তম গোলটি করে জার্মানির বড় জয় নিশ্চিত করেন তিনি।

শুরুর দিকে কুরাসাও কিছুটা প্রতিরোধ গড়লেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জার্মানির আক্রমণাত্মক ফুটবলের সামনে অসহায় হয়ে পড়ে ক্যারিবীয় দলটি। শেষ পর্যন্ত ৭-১ গোলের দাপুটে জয় নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে জার্মানি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ