Views Bangladesh Logo

ব্যাগ হারিয়ে নাটোরে অসহায় জার্মান তরুণ পর্যটক কিরিল

বাংলাদেশের ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখতে জার্মানি থেকে বাংলাদেশে এসেছিলেন ১৮ বছরের জার্মান তরুণ কিরিল। ভ্রমণের অংশ হিসেবে তিনি নাটোরে এসে ব্যাগ হারিয়ে বিপাকে পড়েছেন। জানা গেছে, নাটোর রেলস্টেশনে তার ব্যাগ খোয়া গেছে, যাতে ছিল অ্যাপলের ল্যাপটপ, ক্যামেরাসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিগত সামগ্রী।

কিরিল ভিউজ বাংলাদেশকে জানান, বুধবার বিকেল ৪টার দিকে বগুড়া থেকে ট্রেনে নাটোর স্টেশনে নামেন তিনি। ওয়েটিং রুমে ব্যাগ রেখে এটিএম থেকে টাকা তুলতে যাওয়ার আগে একজন রেলওয়ে কর্মকর্তার কাছে ব্যাগ রেখে যান। ওই কর্মকর্তা জিনিসপত্র দেখে রাখার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু টাকা তুলে ফিরে এসে ব্যাগ ও ওই কর্মকর্তা, কাউকেই আর সেখানে পাননি তিনি। অনেক খোঁজাখুঁজি করেও ব্যাগের সন্ধান মেলেনি।

কিরিলের দাবি, তার ল্যাপটপের আইক্লাউড লোকেশন বুধবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে নওগাঁ এলাকায় দেখাচ্ছিল। এতে মালামাল উদ্ধারের সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ব্যাগ হারানোর পর রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তাকে নাটোর সদর থানায় পাঠানো হয়। সেখানে দীর্ঘ সময় সহায়তার অপেক্ষায় থাকার সময় তিনি কান্নায় ভেঙে পড়েন।

নাটোর সদর থানার ওসি মুনছুর আহমেদ বলেন, ঘটনাটি মূলত রেলওয়ে পুলিশের এখতিয়ারভুক্ত। তবে ভুক্তভোগী বিদেশি নাগরিক হওয়ায় বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

তিনি জানান, ডিভাইসের লোকেশন শনাক্ত করে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। দ্রুতই ল্যাপটপ, ক্যামেরাসহ হারানো মালামাল উদ্ধার করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ