তিন দিনের সফরে আজ ঢাকায় আসছেন জার্মান ভাইস মিনিস্টার
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের প্রাক্কালে দুই দেশের উন্নয়ন সহযোগিতা নতুন কাঠামোয় সাজাতে তিন দিনের সফরে আজ রোববার ঢাকা পৌঁছাচ্ছেন জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নবিষয়ক ফেডারেল মন্ত্রণালয়ের (বিএমজেড) ভাইস মিনিস্টার ড. বারবেল কফলার। তাঁর নেতৃত্বে মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদলও আসছে।
শনিবার ঢাকায় জার্মান দূতাবাসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, সফরে সরকারের সঙ্গে সরকারের (জি টু জি) পর্যায়ে আলোচনা হবে। সেখানে ভবিষ্যতে দুই দেশের উন্নয়ন সহযোগিতা কোন পথে এগোবে, তার রূপরেখা নিয়ে কথা হওয়ার কথা রয়েছে।
দূতাবাস জানিয়েছে, বাংলাদেশ এখন অর্থনৈতিক রূপান্তরের এক গুরুত্বপূর্ণ ধাপে রয়েছে। এ অবস্থায় আলোচনায় ঐতিহ্যগত সহায়তার গণ্ডি ছাড়িয়ে দীর্ঘমেয়াদি সহনশীলতা, অর্থনৈতিক খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা ও টেকসই প্রবৃদ্ধির মতো নতুন ক্ষেত্রে জোর দেওয়া হবে।
সফরসূচি অনুযায়ী, ড. কফলার রাজনৈতিক আলোচনায় অংশ নেবেন। এ ছাড়া চট্টগ্রামে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প ঘুরে দেখবেন তিনি।
ঢাকায় অবস্থানকালে জার্মান দূতাবাসের আয়োজনে ‘জার্মান রিইউনিফিকেশন ডে’ উদযাপনের অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি। ১৯৯০ সালে স্নায়ুযুদ্ধকালীন কয়েক দশকের বিভক্তি কাটিয়ে পূর্ব ও পশ্চিম জার্মানির এক হওয়ার স্মরণে এ দিবস পালিত হয়। অনুষ্ঠানে দুই দেশের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, কূটনীতিক এবং সংস্কৃতি ও গণমাধ্যমের ব্যক্তিদের উপস্থিত থাকার কথা।
বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন অংশীদার জার্মানি। দূতাবাসের ভাষ্য, এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশের টেকসই উন্নয়নে সঙ্গে থাকার প্রতিশ্রুতিই আবারও তুলে ধরা হচ্ছে।
মতামত দিন