Views Bangladesh Logo

জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপ নাটোর থেকে উদ্ধার

নাটোর রেলস্টেশন থেকে জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের চুরি যাওয়া ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে নাটোর সদর উপজেলার কাফুরিয়া পট্টি এলাকার একটি কাপড়ের দোকান থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়। এ ঘটনায় অন্তর কুমার সাহা নামে এক যুবক ও তাঁর বাবাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক জানান, গত ৭ অক্টোবর ল্যাপটপটি হারানোর পর থেকেই সেটি উদ্ধারে পুলিশের একাধিক দল কাজ করছিল। পরে তথ্যপ্রযুক্তি ও অনুসন্ধানের মাধ্যমে ল্যাপটপটির সন্ধান পাওয়া যায়। রোববার রাতে অভিযান চালিয়ে সেটি উদ্ধার করা হয়।

পুলিশ সুপার বলেন, গত ৮ অক্টোবর অন্তর কুমার সাহার বাবা অমল কুমার সাহা তিতুমীর এক্সপ্রেস ট্রেনে নাটোর থেকে নওগাঁ যাওয়ার পথে মাধনগর স্টেশনের কাছে একটি আসনের নিচে ল্যাপটপটি পান। এরপর তিনি সেটি নিয়ে নওগাঁয় তাঁর শ্বশুরবাড়িতে যান এবং ছেলেকে বিষয়টি জানান।

অমল কুমার সাহার কাছ থেকে ল্যাপটপটি পাওয়ার পর অন্তর সেটি রেখে দেন। পরে বিষয়টি দেখা হবে বলে বাবাকে জানান তিনি। রোববার বাবা-ছেলে নাটোরে এলে পুলিশ তাঁদের অনুসরণ করে ল্যাপটপটি উদ্ধার করে।

পুলিশ সুপার আরও জানান, ল্যাপটপ উদ্ধারের ঘটনায় অমল কুমার সাহা ও তাঁর ছেলে অন্তর কুমার সাহা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। তবে তাঁদের বিরুদ্ধে এখনো কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। ঘটনার বিস্তারিত যাচাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

ল্যাপটপটি উদ্ধার হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। তিনি বলেন, পর্যটক ক্রিল ল্যান্ডারের সঙ্গে পুলিশের কথা হয়েছে। ল্যাপটপ ফিরে পেয়ে তিনিও খুশি হয়েছেন। পর্যটকের হারিয়ে যাওয়া অন্য মালামাল উদ্ধারের জন্যও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ