বরখাস্তের খবর অস্বীকার জেরার্ড জোন্সের
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের প্রধান কোচ জেরার্ড জোন্সকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে খবর ছড়িয়ে পড়লেও তা অস্বীকার করেছেন এই ব্রিটিশ কোচ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জোন্স দাবি করেছেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকে তাকে বরখাস্তের বিষয়ে কিছু জানানো হয়নি।
জোন্স বলেন, ‘বিষয়টি পুরোপুরি ভিত্তিহীন। ফেডারেশনের কেউ আমাকে বরখাস্ত করা হয়েছে বা এ ধরনের কিছু বলেনি। খবরটি কোথা থেকে এসেছে, সেটাও আমি জানি না।’
তিনি আরও বলেন, ‘এসব করে লাভ কী? কেন কেউ ভুল বা মিথ্যা খবর পোস্ট করে দলের সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করবে?’
জোন্সের বরখাস্তের খবর ছড়িয়ে পড়ার আগে কয়েক দিন ধরেই নানা ঘটনায় আলোচনায় ছিলেন তিনি। ঢাকার একটি টিম হোটেলে সহকারী কোচ আতিকুর রহমান মিশুর সঙ্গে কথা-কাটাকাটি থেকে ধাক্কাধাক্কির ঘটনায় একপর্যায়ে ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশ ডাকেন জোন্স। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার পর বিষয়টি তদন্তে বাফুফের ডেভেলপমেন্ট কমিটি কাজ শুরু করে। তবে তদন্ত চলার মধ্যেই সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তা দেন জোন্স। সেখানে কর্মক্ষেত্রে শারীরিক হামলার শিকার হওয়ার অভিযোগ তুলে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
জোন্স দাবি করেন, আত্মরক্ষার জন্যই তাকে পুলিশ ডাকতে হয়েছিল। বাফুফেকে আঘাতের ছবি পাঠিয়ে বিষয়টি জানানোর পরও কোনো সহযোগিতা বা সমর্থন পাননি বলে অভিযোগ করেন তিনি। তার ভাষ্য, ‘আমি এখনও নিরাপদবোধ করছি না।’
তবে সহকারী কোচ মিশুর সঙ্গে বিরোধের বিষয়টি অস্বীকার করেছেন জোন্স। তার দাবি, মিশুর সঙ্গে তার সম্পর্ক ভালো এবং কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল তথ্য ছড়িয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে।
এদিকে বাফুফের একাধিক সূত্র জোন্সকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বলে জানা গেছে। আগামীকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের উজবেকিস্তানের উদ্দেশে দেশ ছাড়ার কথা। এর ঠিক আগের দিনই জোন্সকে সরিয়ে দেওয়ার খবর আসে।
আগামী ৩১ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর উজবেকিস্তানে অনুষ্ঠিত হবে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্ব। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক উজবেকিস্তান, ভারত ও চাইনিজ তাইপে। গুরুত্বপূর্ণ এই প্রতিযোগিতার আগে কোচকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতি দলের প্রস্তুতিতে অনিশ্চয়তা তৈরি করেছে।
এর মধ্যেই মঙ্গলবার বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের নির্ধারিত সংবাদ সম্মেলনও স্থগিত করেছে বাফুফে। ‘অনিবার্য কারণবশত’ সংবাদ সম্মেলনটি হচ্ছে না বলে জানানো হয়। এরপরই জোন্সকে বরখাস্তের খবর সামনে আসে।
গত জুনে দুই বছরের চুক্তিতে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন জেরার্ড জোন্স। তবে সাম্প্রতিক ঘটনাপ্রবাহের পর তার ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে নতুন করে অনিশ্চয়তা।
মতামত দিন