Views Bangladesh Logo

পদত্যাগ করলেন আইসিসির প্রধান নির্বাহী জেউফ অ্যালারডাইস

Sports Desk

ক্রীড়া ডেস্ক

চার বছর দায়িত্ব পালনের পর আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা’র পদ থেকে সরে দাড়ালেন জেউফ অ্যালারডাইস।

মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে অ্যালারডাইসের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ‘ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল’ (আইসিসি)।

আইসিসি জানিয়েছে, সরে দাঁড়ানোর জন্য এটাই সঠিক সময় মনে হয়েছে তার কাছে। পাশাপাশি এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে 'নতুন চ্যালেঞ্জ নেওয়ার' আকাঙ্ক্ষার কথাও জানিয়েছেন তিনি।

বিদায়ী বার্তায় প্রধান নির্বাহীর দায়িত্ব পালন নিয়ে গর্ববোধ করে ৫৭ বছর বয়সী অ্যালারডাইস বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা সম্মানের বিষয়। ক্রিকেটের বিশ্বব্যাপী বিস্তৃতি বাড়ানো থেকে শুরু করে আইসিসির সদস্যদের জন্য বাণিজ্যিক ভিত্তি স্থাপন করা পর্যন্ত আমরা যা কিছু অর্জন করেছি, তাতে আমি ভীষণ গর্বিত।’

ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) ক্রিকেট অপারেশন্স ম্যানেজারের দায়িত্ব পালন শেষে ২০১২ সালে আইসিসিতে যোগ দেন অ্যালারডাইস। শুরুতে তিনি আইসিসির ক্রিকেট মহাব্যবস্থাপক হিসেবে কাজ করেন। এরপর ২০২১ সালের নভেম্বরে তিনি সংস্থাটির প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ পান পূর্ণকালীন দায়িত্বে। এর আগে আট মাস ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করেন অ্যালারডাইস।

অ্যালারডাইসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আইসিসির চেয়ারম্যান জয় শাহ বলেন, ‘প্রধান নির্বাহী থাকাকালীন তার নেতৃত্ব ও নিবেদনের জন্য আইসিসি বোর্ডের পক্ষ থেকে জেফকে (অ্যালারডাইস) আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। তার প্রচেষ্টা বিশ্বব্যাপী ক্রিকেটকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তার কাজের জন্য আমরা সত্যিই কৃতজ্ঞ এবং তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই।’

সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি আরও জানিয়েছে, অ্যালারডাইসের উত্তরসূরি নিয়োগ দিতে দ্রুতই পরবর্তী পদক্ষেপ নেবে তারা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ