এবার আপনার হয়ে ফোনও করবে জেমিনি, কথা বলবে দোকানির সঙ্গে
রেস্তোরাঁয় ফোন করে টেবিল বুক করা, কোনো দোকানে পণ্যের দাম বা মজুতের খবর নেওয়া কিংবা অ্যাপয়েন্টমেন্টের সময় পরিবর্তন—এ ধরনের কাজ এখন ব্যবহারকারীর হয়ে নিজেই করতে পারবে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা জেমিনি। নতুন ‘কল ফর মি’ সুবিধার মাধ্যমে প্রয়োজনীয় তথ্য জানতে জেমিনি সরাসরি ব্যবসাপ্রতিষ্ঠানে ফোন করতে পারবে।
গুগল জানিয়েছে, জেমিনি স্বয়ংক্রিয় ফোন মেনুতে প্রয়োজনীয় ধাপ পার হতে পারবে। প্রয়োজনে প্রতিষ্ঠানের কর্মীদের সঙ্গেও সরাসরি কথা বলবে। ফোনে দীর্ঘ সময় অপেক্ষা করতে হলে ব্যবহারকারীকে আর লাইনে অপেক্ষা করে থাকতে হবে না।
সুবিধাটি ব্যবহার করতে জেমিনি অ্যাপে ‘অ্যাট কল ফর মি’ লিখে প্রয়োজনীয় নির্দেশনা দিতে হবে। সেখানে সময়, তারিখ, পছন্দ কিংবা বিকল্প তথ্যও উল্লেখ করা যাবে। ফোন করার আগে জেমিনি কোন নম্বরে ফোন করবে এবং কী তথ্য জানতে চাইবে, তার একটি সংক্ষিপ্ত বিবরণ দেখাবে। ব্যবহারকারী অনুমতি দেওয়ার পরই ফোনটি করা হবে।
ফোন চলাকালে ব্যবহারকারী সরাসরি কথোপকথনের লিখিত রূপ দেখতে এবং অডিও শুনতে পারবেন। চাইলে যেকোনো সময় ফোনটি বাতিল করে নিজেই কথোপকথনের দায়িত্ব নিতে পারবেন।
তবে এখনো এই সুবিধার কিছু সীমাবদ্ধতা রয়েছে। জেমিনি জরুরি নম্বরে ফোন করতে পারবে না এবং ব্যবহারকারীর হয়ে কোনো অর্থ পরিশোধও করতে পারবে না। একইভাবে পাসওয়ার্ডের মতো সংবেদনশীল তথ্যও শেয়ার করতে পারবে না।
‘কল ফর মি’ এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। আপাতত যুক্তরাষ্ট্রের নির্বাচিত ১৮ বছর বা তার বেশি বয়সী ব্যবহারকারীরা এ সুবিধা পাচ্ছেন। প্রাথমিকভাবে পিক্সেল ১১ সিরিজের ফোন এবং অর্থের বিনিময়ে নেওয়া জেমিনি কৃত্রিম বুদ্ধিমত্তার গ্রাহকদের জন্য এটি চালু করা হয়েছে।
এ ছাড়া প্রতিদিন ফোন করার একটি নির্দিষ্ট সীমাও রয়েছে। আপাতত শুধু যুক্তরাষ্ট্রের ফোন নম্বরেই জেমিনির মাধ্যমে কল করা যাচ্ছে।
গুগল বলেছে, বাস্তব জীবনের ফোনে কথোপকথন নানা পরিস্থিতির ওপর নির্ভর করে। তাই প্রযুক্তিটিকে আরও উন্নত করার সুযোগ রাখতে সীমিত পরিসরে ‘কল ফর মি’ সুবিধা চালু করা হয়েছে।
মতামত দিন