তৃতীয় প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২২ শতাংশ, বড় ধাক্কা শিল্প ও সেবাখাতে
২০২৫-২৬ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি কমে ২ দশমিক ২২ শতাংশে নেমে এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এ হার ছিল ৪ দশমিক ৫৩ শতাংশ।
রোববার (২০ জুলাই) এ সংক্রান্ত প্রান্তিক জিডিপির তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
বিবিএসের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি ছিল যথাক্রমে ৪ দশমিক ৯৬ শতাংশ এবং ৩ দশমিক ০৩ শতাংশ। আগের অর্থবছরের একই দুই প্রান্তিকে প্রবৃদ্ধি ছিল ৩ দশমিক ৯১ শতাংশ ও ৩ দশমিক ৫৩ শতাংশ।
চলতি মূল্যে ২০২৫-২৬ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে দেশের জিডিপির আকার দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৯১ বিলিয়ন টাকা, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১৪ হাজার ১৯২ বিলিয়ন টাকা।
খাতভিত্তিক হিসাবে কৃষিতে প্রবৃদ্ধি কমে ১ দশমিক ৭৪ শতাংশে নেমেছে, যা এক বছর আগে ছিল ৪ দশমিক ৬১ শতাংশ।
সবচেয়ে বড় ধাক্কা এসেছে শিল্প খাতে। এ খাতের প্রবৃদ্ধি ৩ দশমিক ৩৩ শতাংশ থেকে কমে ঋণাত্মক ০ দশমিক ২৮ শতাংশে নেমে গেছে।
এদিকে সেবা খাতের প্রবৃদ্ধিও উল্লেখযোগ্যভাবে কমেছে। তৃতীয় প্রান্তিকে এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৫২ শতাংশ, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৭ দশমিক ৩২ শতাংশ।
মতামত দিন