Views Bangladesh Logo

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে ভোলায় দুজনের নামে জিডি

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে অশালীন ও অসম্মানজনক বক্তব্য দেওয়ার অভিযোগে ভোলায় দুজনের নাম উল্লেখ করে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন। একই জিডিতে অজ্ঞাতপরিচয় আরও সাতজনকে অভিযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ভোলা মডেল থানায় জিডিটি করা হয়। এতে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আব্দুল জলিলের ছেলে আব্দুর রহমান রিফাত (১৯) এবং মো. নাছিরের ছেলে মো. মাসুমকে (১৮) অভিযুক্ত করা হয়েছে।

জিডিতে খন্দকার আল আমিন অভিযোগ করেন, গত শুক্রবার সন্ধ্যায় একটি ফেসবুক ভিডিওতে প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর কন্যা এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে অভিযুক্তরা অশালীন ও অসম্মানজনক বক্তব্য দেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, জিডিটির তদন্তের অনুমতি চেয়ে বুধবার আদালতে আবেদন করা হবে। আদালতের অনুমতি পাওয়া গেলে তদন্ত শুরু হবে। অভিযুক্তরা এরই মধ্যে এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন বলেও জানান তিনি।

এদিকে অভিযুক্ত কলেজছাত্র আব্দুর রহমান রিফাত মঙ্গলবার সন্ধ্যায় ফেসবুকে একটি পোস্ট দিয়ে ওই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। সেখানে তিনি দাবি করেন, বন্ধুদের সঙ্গে আড্ডার সময় আবেগের বশে প্রধানমন্ত্রীর উদ্দেশে কিছু অশালীন ও অসম্মানজনক কথা বলেছিলেন। এ বক্তব্যের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে নিঃশর্ত ক্ষমাও চেয়েছেন তিনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ