Views Bangladesh Logo

সাফারি পার্কে দর্শনার্থীদের মারধর, মোবাইল-টাকা-স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ

গাজীপুরে সাফারি পার্কে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দর্শনার্থীদের ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে পার্কের কয়েকজন কর্মচারীর বিরুদ্ধে। ভুক্তভোগীদের অভিযোগ, তাদের মারধরের পাশাপাশি মোবাইল ফোন, নগদ টাকা ও স্বর্ণালংকারও ছিনিয়ে নেওয়া হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) রাতে ভুক্তভোগী সালমা মোস্তারী বাদী হয়ে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দেন। পরে পুলিশ অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করে।

অভিযোগে বলা হয়েছে, আহতদের মধ্যে রয়েছেন ঢাকার ভাটারা এলাকার বাসিন্দা সালমা মোস্তারী (৪৪) এবং তার দুই ছেলে জারিফ (১৫) ও মাহিম (১৭)। অভিযুক্ত কর্মচারীরা হলেন চন্দন কুমার (৪০), মাসুদ রানা (৪০) ও ধনঞ্জয় ধনা (৩৫)।

সালমা মোস্তারীর অভিযোগ, শনিবার দুপুরে কোর সাফারির মিনিবাসে ওঠার পর তিনি একটি সিটে ময়লা দেখতে পান। এ বিষয়ে দায়িত্বরত কর্মীকে পরিষ্কার করতে বললে তিনি ক্ষিপ্ত হয়ে ধমক দেন। এর প্রতিবাদ করায় সাফারি বাস থেকে নামার পর কয়েকজন কর্মচারী তাদের ওপর হামলা চালান।

তার দাবি, একপর্যায়ে তার দুই ছেলেকে টেনেহিঁচড়ে পার্কের একটি অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের লাঠি দিয়ে মারধর করা হয় এবং কয়েক ঘণ্টা আটকে রাখা হয়। সন্তানদের রক্ষা করতে গেলে তাকেও লাঞ্ছিত ও মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগীদের আরও অভিযোগ, হামলার সময় তাদের সঙ্গে থাকা মোবাইল ফোনগুলো কেড়ে নেওয়া হয়। এর মধ্যে একটি মোবাইল ফোন ভেঙে ফেলা হয়। একই সঙ্গে নগদ টাকা ও স্বর্ণালংকারও ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তারা।

এ ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে পার্কের কর্মচারীদের কয়েকজন দর্শনার্থীকে জোর করে টেনেহিঁচড়ে একটি কক্ষে নিয়ে যেতে এবং মারধর করতে দেখা যায়।

ঘটনার বিষয়ে সাফারি পার্কের প্রকল্প পরিচালক ইকবাল হোসাইন চৌধুরী বলেন, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছেন এবং ঘটনার সময় পার্কেই ছিলেন। বিষয়টি জানার পর দর্শনার্থীদের ডেকে ক্ষমা চাওয়া হয়েছে। তার ভাষ্য, ঘটনার পেছনে উভয় পক্ষেরই কিছু দায় থাকতে পারে। দর্শনার্থীদের পাশাপাশি পার্কের কর্মচারীরাও আহত হয়েছেন বলে দাবি করেন তিনি। একই সঙ্গে পার্ক কর্তৃপক্ষও আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর শনিবার রাতেই মামলা রেকর্ড করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ