Views Bangladesh Logo

গাজীপুরে ৫ খুন: পদ্মা সেতুতে মিলল আসামির মোবাইল, সিসিটিভিতে ঝাঁপ দেওয়ার দৃশ্য

গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচজনকে হত্যার ঘটনায় পলাতক আসামি ফোরকান মোল্লার মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জানা গেছে, তিনি পদ্মা সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে গাজীপুর জেলা পুলিশ সুপার শরীফ উদ্দিন জানান, সোমবার সকালে পদ্মা সেতুর মাঝামাঝি স্থানে রেলিংয়ের পাশ থেকে একটি মোবাইল ফোন কুড়িয়ে নেন একজন ট্রাকচালকের সহকারী। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ মেহেরপুর থেকে সেটি উদ্ধার করে এবং নিশ্চিত হয় যে এটি ফোরকানেরই ফোন।

এরপর ওই দিনের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, সকাল ৬টা ৪২ মিনিটে সাদা শার্ট ও কালো প্যান্ট পরা এক ব্যক্তি সাদা রঙের একটি প্রাইভেট কার থেকে নেমে রেলিংয়ের পাশে দুই-তিন মিনিট দাঁড়িয়ে থাকেন, তারপর নদীতে ঝাঁপ দেন। পুলিশ তদন্তে নিশ্চিত হয়েছে, ওই ব্যক্তি ফোরকান। পুলিশের ধারণা, পাঁচজনকে হত্যার পর পরিকল্পিতভাবেই আত্মহত্যা করেছেন তিনি।

গত শনিবার সকালে কাপাসিয়ার রাউৎকোনা গ্রাম থেকে পাঁচজনের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন ফোরকানের স্ত্রী শারমিন আক্তার (৩০), তাদের তিন মেয়ে মীম (১৫), মারিয়া (৮) ও ফারিয়া (২) এবং শারমিনের ছোট ভাই রসুল মিয়া (২২)।

প্রায় দেড় দশক আগে গোপালগঞ্জের শারমিনের সঙ্গে বিয়ে হয় ফোরকানের। পেশায় গাড়িচালক ফোরকান তিন সন্তান নিয়ে কাপাসিয়ায় বসবাস করতেন। তদন্তকারীরা ধারণা করছেন, পারিবারিক কলহের জেরেই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে। লাশ উদ্ধারের রাতেই নিহত শারমিনের বাবা সাহাদত মোল্লা বাদী হয়ে ফোরকানসহ অজ্ঞাত চার-পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ