Views Bangladesh Logo

টঙ্গীতে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, গণধোলাইয়ের পর গ্রেপ্তার মাদ্রাসার উপাধ্যক্ষ কারাগারে

গাজীপুরের টঙ্গীতে প্রথম শ্রেণিপড়ুয়া সাত বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে একটি মাদ্রাসার উপাধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) তাঁকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। অভিযুক্ত মুসলেউদ্দিন টঙ্গীর আউচপাড়া এলাকার একটি মাদ্রাসায় উপাধ্যক্ষ (ভাইস প্রিন্সিপাল) হিসেবে কাজ করতেন।

পুলিশ ও ভুক্তভোগী শিশুর পরিবারের ভাষ্য অনুযায়ী, কয়েক দিন আগে মাদ্রাসার ভেতরে শিশুটির সঙ্গে অশালীন আচরণ ও যৌন নিপীড়ন করেন ওই উপাধ্যক্ষ। ঘটনার পর কাউকে কিছু জানালে মারধর করা হবে বলে তাকে ভয় দেখানো হয়। এ আতঙ্কে শিশুটি টানা তিন দিন মাদ্রাসায় যায়নি। পরিবারের সদস্যরা কারণ জানতে চাইলে একপর্যায়ে সে বাবা-মাকে সব খুলে বলে।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে মেয়ের মুখে ঘটনা শুনে শিশুটির বাবা মাদ্রাসায় গিয়ে অভিযুক্তের কাছে এ বিষয়ে জানতে চান। খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন মাদ্রাসায় জড়ো হন। উত্তেজিত জনতা অভিযুক্ত উপাধ্যক্ষকে ঘেরাও করে মারধর করে।


পরে খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা-পুলিশ সেখানে গিয়ে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। শিশুটির পরিবারের দাবি, জিজ্ঞাসাবাদের সময় তিনি দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছেন। পুলিশ এ দাবির বিষয়ে কিছু জানায়নি।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। আইনি প্রক্রিয়া শেষে অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অভিযোগ সামনে এসেছে। মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষের দাবি, এক অভিভাবকের নেতৃত্বে ১৫ জনের একটি দল মাদ্রাসায় ঢুকে ভাঙচুর চালায়, শিক্ষক-শিক্ষিকাদের মারধর ও শ্লীলতাহানি করে এবং প্রায় ১৭ লাখ টাকা লুট করে নিয়ে যায়।


তবে পুলিশ বা অন্য কোনো নিরপেক্ষ সূত্র থেকে এসব অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

অন্যদিকে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শিশুটির পরিবারের অভিযোগ, একটি পক্ষ ভিডিওটি ব্যবহার করে ঘটনাটিকে 'মাদ্রাসায় সন্ত্রাসী হামলা' হিসেবে তুলে ধরে মূল বিষয় থেকে দৃষ্টি সরানোর চেষ্টা করছে। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ