Views Bangladesh Logo

গাজীপুরে সরকারি গাড়িতে অপ্রয়োজনে বাজবে না হর্ন

শব্দদূষণ কমিয়ে নাগরিকদের জন্য শান্ত ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে গাজীপুর জেলা প্রশাসন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জরুরি প্রয়োজন ছাড়া জেলার কোনো সরকারি গাড়িতে হর্ন বাজানো হবে না। জেলা প্রশাসনের উদ্যোগে পর্যায়ক্রমে পুরো গাজীপুরকে হর্নমুক্ত করার পরিকল্পনাও নেওয়া হয়েছে।

বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক বলেন, শব্দদূষণ নিয়ন্ত্রণে একটি বিশেষ পরিকল্পনা প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়েছে এবং এ বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া গেছে।

সভায় শব্দদূষণের ক্ষতিকর প্রভাব, বিদ্যমান আইন এবং এ বিষয়ে জেলা প্রশাসনের স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। উপস্থিত কর্মকর্তারা উদ্যোগটির প্রশংসা করে বাস্তবায়নে সহযোগিতার প্রতিশ্রুতি দেন। জেলা প্রশাসক জানান, তিনি নিজেই হর্ন ব্যবহার না করে গাজীপুর ও ঢাকার বিভিন্ন সড়কে প্রায় ৩০ কিলোমিটার গাড়ি চালিয়ে দেখেছেন এবং এতে কোনো সমস্যা হয়নি।

সভায় তিনি উপস্থিত কর্মকর্তাদের নিজ নিজ সরকারি গাড়িতেও অপ্রয়োজনে হর্ন ব্যবহার না করার আহ্বান জানান। সবাই এ প্রস্তাবে সম্মতি দেন এবং জরুরি পরিস্থিতি ছাড়া সরকারি যানবাহনে হর্ন না বাজানোর অঙ্গীকার করেন। পাশাপাশি, কোথায় এবং কোন পরিস্থিতিতে হর্ন ব্যবহার করা যাবে, সে বিষয়ে শিগগিরই একটি নির্দেশিকা সব দপ্তরে পাঠানো হবে বলে জানানো হয়।

জেলা প্রশাসনের উদ্যোগে পরে সরকারি ও আধাসরকারি কর্মকর্তাদের নিয়ে সড়কে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। বাস, লেগুনা, সিএনজি ও অটোরিকশা চালকদের আগামী ১২ সপ্তাহের মধ্যে গাজীপুরকে হর্নমুক্ত নগরীতে পরিণত করার লক্ষ্যে সচেতন করা হয়। প্রথম ধাপে সরকারি গাড়িতে এই সিদ্ধান্ত কার্যকর হবে, পরে পর্যায়ক্রমে জেলার সব ধরনের যানবাহনকে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

জেলা প্রশাসন বলছে, অপ্রয়োজনীয় হর্নের কারণে শহরাঞ্চলে শব্দদূষণ উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে। এর প্রভাবে শিক্ষার্থী, রোগী, প্রবীণসহ সাধারণ মানুষ শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, দীর্ঘ সময় ৭০ ডেসিবেলের বেশি শব্দে অবস্থান করলে মানুষের শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি উচ্চ রক্তচাপ, হৃদরোগ, অনিদ্রা ও মানসিক অস্থিরতার ঝুঁকি বাড়ে। তাই জনস্বাস্থ্য সুরক্ষায় সরকারি যানবাহন থেকেই উদাহরণ তৈরি করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ