২২ ঘণ্টা পর গাজী টায়ার কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
২২ ঘণ্টা পর নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (২৬ আগষ্ট) সাড়ে ৭টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
ফায়ার সার্ভিসের এক বিবৃতিতে বলা হয়, আজ (সোমবার) সন্ধ্যা ৭টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আমাদের প্রতিনিধির পাঠানো খবর অনুযায়ী সন্ধ্যা ৭টার দিকে সেখানে লুটপাটের কোনো ঘটনা ঘটেনি।
এ ঘটনায় এখন পর্যন্ত প্রায় ১৭৩ জন নিখোঁজের অভিযোগ পাওয়া গেছে। এই বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. রেজাউল করিম (প্রশিক্ষণ পরিকল্পনা ও উন্নয়ন)।
তবে এ বিষয়ে এক বার্তায় ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানিয়েছে, সংস্থাটির পক্ষ থেকে কোনো নিহত বা নিখোঁজ ব্যক্তির তালিকা তৈরি করা হয়নি।
মিডিয়া সেল আরও জানায়, ‘স্থানীয় কয়েকজন ব্যক্তি তাদের ফোন নম্বর ফায়ার সার্ভিসকে দিয়ে কোনো ভিকটিম পাওয়া গেলে তাদের জানানোর অনুরোধ করেছেন।'
এদিকে অভিযোগ রয়েছে, গতকাল রবিবার রাত ৯টার দিকে কারখানাটিতে আগুন দেওয়ার আগে লুটপাট চালায় দুর্বৃত্তরা। একই দাবি করেছেন কারখানার সহকারী মহাব্যবস্থাপক সাইফুল ইসলাম।
তিনি বলেন, 'গতকাল বিকেল থেকে কয়েকশ লোক কারখানার ভেতরে ঢুকে ভাঙচুর ও লুটপাট চালায়। লুটপাট শেষে রাতে একাধিক ভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়।'

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে